
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে বীরভূম জেলা সফরে গেলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল। শুক্রবার জেলার দুবরাজপুর ব্লকের যশপুর গ্রামে গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি। ভোটারদের মনে কোনও ভয় বা সংশয় রয়েছে কি না, তা ব্যক্তিগতভাবে যাচাই করেন সিইও। গ্রামবাসীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে তিনি বলেন, মানুষ যেভাবে উৎসবের মেজাজে দুর্গাপূজা দেখতে বের হন, ঠিক সেভাবেই কোনো চিন্তা না করে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করুন। যে কোনো সমস্যায় প্রশাসন ও নির্বাচন কমিশন সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
এদিন এলাকা পরিদর্শনে যাওয়ার আগে সিইও বীরভূমের জেলাশাসক ধবল জৈন, পুলিশ সুপার সূর্যপ্রতাপ যাদব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। এরপর সিউড়ি সার্কিট হাউসে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাঁদের অভাব-অভিযোগ ও মতামত শোনেন তিনি। বীরভূম সফরের পরবর্তী পর্যায়ে রামপুরহাটে গিয়ে সেখানকার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে তাঁর আরেকটি বৈঠক করার কথা রয়েছে।
উল্লেখ্য, গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সফর চলাকালীন মনোজ আগরওয়ালের একটি ছবি নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, সিইও সেখানে এক স্থানীয় বিজেপি নেতার সঙ্গে ঘুরে বেরিয়েছেন। এই মর্মে নির্বাচন কমিশনে অভিযোগও জানানো হয়েছে। যদিও মনোজ আগরওয়াল তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি