
পূর্ব মেদিনীপুর, ১০ এপ্রিল (হি. স.) : অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে জোরদার নাকা তল্লাশি চালানো হচ্ছে। এই অভিযানের অংশ হিসেবেই চণ্ডীপুর এলাকায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ তল্লাশিতে উদ্ধার হলো বিপুল পরিমাণ নগদ টাকা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত প্রায় দেড়টা নাগাদ চণ্ডীপুর থানার অন্তর্গত বরোজ বাজার এলাকায় কেন্দ্রীয় বাহিনী, এসএসটি এবং চণ্ডীপুর থানার একটি যৌথ দল তল্লাশি শুরু করে। সেই সময় এক ব্যক্তির কাছ থেকে ১৩ লক্ষ ৮০ হাজার ৫৭৯ টাকা উদ্ধার করা হয়।
অন্যদিকে, চণ্ডীপুর থানারই শশীগঞ্জ বাজার এলাকায় নাকা তল্লাশি চলাকালীন অপর এক ব্যক্তির কাছ থেকে ২ লক্ষ ৫০ হাজার টাকা নগদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া এই বিপুল অর্থের সপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিরা কোনও বৈধ নথি পেশ করতে পারেননি। নিয়ম অনুযায়ী, ব্লক প্রশাসন ও পুলিশের উদ্যোগে সংগৃহীত সমস্ত অর্থ জেলা আয়কর বিভাগের কাছে জমা দেওয়া হয়েছে।
এই বিপুল পরিমাণ অর্থ কোথা থেকে আনা হয়েছিল এবং এর পেছনে কোনও বিশেষ উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / সোনালি