
হাফলং (অসম), ১০ এপ্রিল (হি.স.) : শিক্ষা ক্ষেত্রে এক উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে অসমের অন্যতম পাহাড়ি জেলা ডিমা হাসাও। এবারের মাধ্যমিক (হাইস্কুল শিক্ষান্ত) পরীক্ষায় ৮৮.২৩ শতাংশ পাশের হার নিয়ে রাজ্যের ৩৩টি জেলার মধ্যে প্রথম স্থানে রয়েছে ডিমা হাসাও জেলা। এদিকে ৫৪২ নম্বর পেয়ে জেলার মধ্যে প্রথম স্থান দখল করেছে স্বস্তিকা পাল নামের ছাত্ৰী। সকল ছাত্ৰছাত্ৰীকে অভিনন্দন জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা।
আজ শুক্রবার ‘অসম রাজ্য বিদ্যালয় শিক্ষা পর্ষদ’ কর্তৃক ঘোষিত এই ফলাফল ডিমা হাসাও জেলার ধারাবাহিক শিক্ষাগত উৎকর্ষকে তুলে ধরেছে। বিগত চার বছর ধরে ডিমা হাসাও জেলা হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় রাজ্যের শীর্ষ তিনটি সেরা জেলার মধ্যে নিজের অবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছে। ২০২৩ এবং ২০২৪ সালে তৃতীয় স্থান, ২০২৫ সালে দ্বিতীয় স্থান এবং এবার ২০২৬ সালে শীর্ষস্থান অর্জন করেছে।
এবার হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ডিমা হাসাও জেলা থেকে মোট ৩,৩৫৬ জন পরীক্ষার্থী অবতীর্ণ হয়েছিল। তাদের মধ্যে ২,৯৬১ জন সফলভাবে উত্তীর্ণ হয়েছে। সফল পরীক্ষার্থীদের মধ্যে ১,৫৫৩ জন প্রথম বিভাগে, দ্বিতীয় বিভাগে ১,২৮৮ জন এবং তৃতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছে ১২০ জন। ২০২৬ সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় রাজ্যে সামগ্রিক পাশের হার ৬৫.৬২ শতাংশ যা গত বছরের তুলনায় প্রায় ২.৫ শতাংশ বেশি।
ডিমা হাসাও জেলার এই অসামান্য সাফল্য এখানকার ছাত্রছাত্রী, শিক্ষক এবং শিক্ষা বিভাগের নিষ্ঠার প্রমাণস্বরূপ, যা রাজ্যে শিক্ষাগত উৎকর্ষের একটি নতুন মানদণ্ড স্থাপন করতে সক্ষম হয়েছে, বলেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গার্লোসা। তিনি সকল শিক্ষাৰ্থী এবং তাদের অভিভাবক ও শিক্ষককুলকে অভিনন্দন জানিয়েছেন।
এদিকে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষায় ডিমা হাসাও জেলার তিন ছাত্রছাত্রী শীর্ষ স্থান দখল করেছে। তারা হাফলং সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী স্বস্তিকা পাল ৫৪২ নম্বর পেয়ে প্রথম, ৫৩৮ নম্বর পেয়ে দ্বিতীয় সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলের রুচিতা চৌধুরী এবং ৫২৫ নম্বর পেয়ে তৃতীয় স্থান লাভ করেছে ডন বসকো হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী কাইসাংডিং নাইডিং।
ডিমা হাসাও জেলায় প্রথম স্থান লাভকারী স্বস্তিকা পাল বলেন, তিনি আগামী দিনে ইঞ্জিনিয়ার হতে চান।
এদিকে ডিমা হাসাও জেলায় হাফলং সেইন্ট এগনেস কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুল, ডন বসকো হায়ার সেকেন্ডারি স্কুল, দিহাঙ্গি হাইস্কুল এবং দিয়ুংব্রা রাজা গোবিন্দচন্দ্র আর্য গুরুকোলাম বিদ্যালয়ে পাশের হার ১০০ শতাংশ।
হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব