
উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি. স.): উত্তর ২৪ পরগনার বনগাঁর আমলাপাড়া এলাকায় শুক্রবার সকালে চাঞ্চল্য ছড়ায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র হানায়। অভিযোগ, ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য ও পরিবহন ব্যবসায়ী পরিতোষ বিশ্বাসের বাড়িতে এদিন সকাল ৮টা নাগাদ তল্লাশি শুরু করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পরিতোষ বিশ্বাসের পাশাপাশি আরও এক ব্যবসায়ীর বাড়িতেও তল্লাশি চালানো হয়। একাধিক আধিকারিকের উপস্থিতিতে দীর্ঘক্ষণ ধরে বাড়ির বিভিন্ন কাগজপত্র ও নথি খতিয়ে দেখা হয়। যদিও ঠিক কোন মামলার সূত্র ধরে এই তল্লাশি, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি ইডি-র পক্ষ থেকে।এলাকায় হঠাৎ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপস্থিতিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সকাল থেকেই স্থানীয় বাসিন্দাদের ভিড় জমতে দেখা যায় ঘটনাস্থলের আশেপাশে।নির্বাচনের আগে এই ধরনের তল্লাশি অভিযান রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা বাড়াচ্ছে। তদন্তকারীরা গুরুত্বপূর্ণ নথি সংগ্রহ করছেন বলে জানা গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়