
মালদা, ১০ এপ্রিল (হি. স.): শুক্রবার সকালে মালদার ইংরেজবাজার পৌরসভার ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডে জোরকদমে নির্বাচনী প্রচার সারলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী আশিস কুন্ডু। এদিন বিবি গ্রাম, হাটখোলা, মহেশ মাটি–সহ একাধিক এলাকায় প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর শুভময় বসু ও উদয় চৌধুরী।দিনের শুরুতে এলাকার তারা কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার কর্মসূচি শুরু করেন আশিস কুন্ডু। এরপর বড় মসজিদে গিয়ে প্রার্থনা করেন তিনি। ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েই সাধারণ মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন তৃণমূল প্রার্থী। দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট দেওয়ার আবেদন জানান তিনি।এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও চাহিদার কথা শোনেন আশিস কুন্ডু। তিনি আশ্বাস দেন, জয়ী হলে এলাকার উন্নয়নে আরও জোর দেওয়া হবে। স্থানীয় মানুষও তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান বলে দাবি তৃণমূল নেতৃত্বের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়