
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.): আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যাদবপুর বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন সিপিআই(এম) প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শুক্রবার রামলাল বাজার থেকে হালতু পর্যন্ত বিস্তৃত অঞ্চলে জনসংযোগ কর্মসূচি পালন করেন তিনি। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের কাছে ভোটের আবেদন জানান সিপিআই(এম) প্রার্থী।প্রচারের সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের নিত্যদিনের সমস্যা ও চাহিদার কথা শোনেন বিকাশ ভট্টাচার্য। বিশেষ করে রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের সমস্যা এবং বেকারত্ব নিয়ে মানুষের ক্ষোভের কথা সামনে আসে। তিনি আশ্বাস দেন, নির্বাচিত হলে এই সমস্যাগুলির সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে।এদিনের প্রচারে দলের কর্মীদের মধ্যে যথেষ্ট উদ্দীপনা লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকায় মানুষও তাঁকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত জানান বলে দাবি সিপিআই(এম) নেতৃত্বের। প্রচার চলাকালীন বিকাশ ভট্টাচার্য রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক ইস্যুতে সরব হন এবং বিকল্প সরকার গঠনের আহ্বান জানান।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়