বিদেশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে লক্ষাধিক টাকার প্রতারণা
যমুনানগর, ১০ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল হারিয়ানার যমুনানগরে। এই ঘটনায় এক যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। টাকা নেওয়ার পরও তাকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকা ফেরতও দেও
Fraud of Over 100,000 Taka Under the Pretext of a Job in Australia


যমুনানগর, ১০ এপ্রিল (হি.স.) : অস্ট্রেলিয়ায় চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগ উঠল হারিয়ানার যমুনানগরে। এই ঘটনায় এক যুবকের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ। টাকা নেওয়ার পরও তাকে বিদেশে পাঠানো হয়নি, এমনকি টাকা ফেরতও দেওয়া হয়নি। উল্টে টাকা চাইতে গেলে তাকে ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার গান্ধী নগর থানা এলাকার বাসিন্দা নীতীশ চুঘ জানিয়েছেন, তিনি মাধ্যমিক পাশ করে দীর্ঘদিন ধরে চাকরির সন্ধান করছিলেন। সেই সময় তাঁর বোনের মাধ্যমে বিক্রান্ত শর্মা ও তার মা রমন শর্মার সঙ্গে তাঁর পরিচয় হয়। অভিযোগ, রমন শর্মা তাঁকে আশ্বাস দেন যে তাঁর ছেলে নীতীশকে অস্ট্রেলিয়ায় চাকরি পাইয়ে দেবে। এই কথায় বিশ্বাস করে নীতীশ ধাপে ধাপে মোট ১১ লক্ষ ৭০ হাজার টাকা অভিযুক্তদের হাতে তুলে দেন বলে অভিযোগ। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও কাজের কোনও অগ্রগতি হয়নি। ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত অপেক্ষা করার পর তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে। এরপর অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা সম্ভব হয়নি বলে অভিযোগ।

পরে টাকা ও প্রয়োজনীয় নথিপত্র ফেরত চাইতে গেলে অভিযুক্তরা তাঁর সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। এমনকি মারধরের চেষ্টা এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে দাবি যুবকের। ঘটনার ভিত্তিতে পুলিশ মামলা রুজু করেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande