
আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে গোঘাটে সংগঠন মজবুত করতে তৎপর বিজেপি। শুক্রবার গোঘাটের আনুর এলাকায় এসসি মোর্চার এক গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কমলেশ পাসোয়ান ।
সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, তপশিলি সম্প্রদায়ের উন্নয়নে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প নিয়েছে এবং সেই সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে বিজেপি কর্মীদের আরও সক্রিয় হতে হবে। তাঁর অভিযোগ, রাজ্যের শাসন ব্যবস্থায় তপশিলি সম্প্রদায়ের প্রকৃত উন্নয়ন ব্যাহত হয়েছে।
সভায় বিজেপির স্থানীয় নেতৃত্বও উপস্থিত ছিলেন। তাঁদের দাবি, গোঘাট বিধানসভা কেন্দ্রে সংগঠনকে শক্তিশালী করতে এই ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। পাশাপাশি বিজেপি প্রার্থী প্রশান্ত দীগারের সমর্থনে ঘরে ঘরে প্রচার চালানোর আহ্বান জানানো হয়।
সম্মেলনে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সভা শেষে দলীয় কর্মীদের নিয়ে এলাকায় একটি সংক্ষিপ্ত মিছিলও করা হয় বলে জানা গিয়েছে।
রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করতেই এই ধরনের কর্মসূচিতে জোর দিচ্ছে বিজেপি
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA