
হামিরপুর, ১০ এপ্রিল (হি.স): হিমাচল প্রদেশের হামিরপুরে ৩২ হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে শুরু হবে এইচপিভি টিকাদান প্রক্রিয়া । মহিলাদের জরায়ুর ক্যান্সারের প্রতিরোধে ইতিমধ্যেই শুরু হয়েছে এইচপিভি টিকাদান কর্মসূচি। এরই অংশ হিসেবে শনিবার ও রবিবার ১৪-১৫ বছর বয়সি কিশোরীদের প্রদান করা হবে টিকা।
শুক্রবার এক প্রশাসনিক আধিকারিক জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বেসরকারিভাবে টিকা দেওয়া হলেও তার দাম ছিল আকাশছোঁয়া। তবে সরকারি উদ্যোগে টিকাদান কর্মসূচি শুরু হওয়ার পর ১৪-১৫ বছর বয়সি কিশোরীদের কার্যত বিনামূল্যে টিকা দেওয়া হয়। টিকা গ্রহণের ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই, তবে এক্ষেত্রে অভিভাবকদের সম্মতি একান্তই কাম্য।
এদিন তিনি আরও বলেন , ভারতে স্তন ক্যান্সারের পর আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে জরায়ু ক্যান্সার। প্রতি বছরে নতুন আক্রান্তের পরিসংখ্যান আনুমানিক ১.২-১.৩ মিলিয়নের কাছাকাছি, যার মধ্যে মৃত্যু হয় ৭৫ -৮০ হাজার মহিলার। এর জন্য দায়ী এইচপিভি নামক একটি ভাইরাস। পরীক্ষা করে দেখা গেছে , সঠিক সময়ে এইচপিভি-র টিকা নিতে পারলে এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। টিকাটি যথেষ্ট নিরাপদ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা স্বীকৃত। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে প্রায় ১৫০টিরও বেশি দেশে সফলভাবে প্রদান করা হয়েছে লক্ষাধিক টিকা।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক