
ঝাড়গ্রাম, ১০ এপ্রিল (হি.স.) : দলছুট হাতির হামলায় গুরুতর জখম হলেন একই গ্রামের দুই বাসিন্দা। শুক্রবার দুপুরে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম রেঞ্জের বড় নেগুই এলাকার গোখুরপাল গ্রামে এই ঘটনা ঘটে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম বিনন্দ মাহাত (৪২) ও মঙ্গল নায়েক (৬৫)। তাঁদের বাড়ি গোখুরপাল গ্রামেই।
স্থানীয় ও বনদফতর সূত্রে জানা গিয়েছে, খাবারের সন্ধানে একটি দলছুট হাতি জঙ্গল থেকে বেরিয়ে গ্রাম সংলগ্ন এলাকায় ঢুকে পড়ে। সেই সময় বাড়ির বাইরে কাজ করছিলেন বিনন্দ মাহাত। হঠাৎ হাতির মুখোমুখি হয়ে পালাতে গেলে হাতিটি শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে আছাড় মারে, ফলে তিনি গুরুতর জখম হন।
এরপর গ্রামবাসীরা হাতিটিকে তাড়া করলে সেটি জঙ্গলের দিকে ফিরে যায়। সেই সময় জঙ্গলে কাঠ-পাতা সংগ্রহ করতে গিয়ে একই হাতির সামনে পড়ে যান মঙ্গল নায়েক। তাকেও তুলে আছাড় মারলে তিনি গুরুতর আহত হন।
আহত দু’জনকে স্থানীয়রা উদ্ধার করে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, এলাকায় একটি দলছুট হাতি ঘোরাফেরা করছে। খড়্গপুর ডিভিশনের ডিএফও মনীশ যাদব জানান, “দলছুট হাতির আক্রমণে দু’জন আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হয়েছে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে। বনদফতর পরিস্থিতির উপর নজর রাখছে এবং স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
হিন্দুস্থান সমাচার / গোপেশ মাহাতো