
উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি. স.):- নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়ক মঞ্জু বসু ফের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। শুক্রবার স্বামী বিকাশ বসুর খুনের ঘটনায় তিনি সিবিআই তদন্তের দাবি জানিয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র প্রশ্ন তোলেন।মঞ্জু বসুর অভিযোগ, রাজ্য সরকার বিচার পাইয়ে দেওয়ার নামে প্রহসন করেছে এবং প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, দীর্ঘদিন কেটে গেলেও এই ঘটনায় ন্যায়বিচার মেলেনি, তাই কেন্দ্রীয় তদন্ত সংস্থার হস্তক্ষেপ প্রয়োজন।এছাড়াও তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী বিকাশ বসুর ছবি ব্যবহার করে বর্তমানে নোয়াপাড়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী তৃণাঙ্কুর ভট্টাচার্য নির্বাচনী প্রচার চালাচ্ছেন, যা তিনি অনৈতিক ও অসম্মানজনক বলে উল্লেখ করেন।অন্যদিকে, মঞ্জু বসুর এই দাবিকে সমর্থন জানিয়েছেন বিজেপি প্রার্থী অর্জুন সিং। তিনি বলেন, মঞ্জু বসুর ন্যায়বিচারের লড়াইয়ে পাশে থাকবে বিজেপি এবং সবরকম সহযোগিতা করা হবে।নির্বাচনের প্রাক্কালে এই ইস্যু ঘিরে নোয়াপাড়ায় রাজনৈতিক চাপানউতোর আরও তীব্র হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়