
উত্তর ২৪ পরগনা, ১০ এপ্রিল (হি.স.): শুক্রবার স্বরূপনগরে তেঁতুলিয়ার হাই স্কুল ফুটবল মাঠের জনসভা থেকে ভোটার তালিকায় নাম বাদ নিয়ে গর্জে উঠলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি ও নির্বাচন কমিশনকে এক বন্ধনীতে রেখে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। বলেন, সুপ্রিম কোর্টের রায় ছিল কাগজপত্র দিয়ে ট্রাইবুনালে আবেদন করতে পারবেন। কিন্তু এখনও ট্রাইবুনালের কাজই শুরু হয়নি। তার মধ্যে চৈত্রমাসের সেল হয়ে গিয়েছে সব। ৯০ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে নাকি ৬০ লক্ষই হিন্দু, আর ৩০ লক্ষ মুসলমান। খবরের কাগজে দেখলাম। এই বিষয়ে ব্লক স্তরে সমীক্ষার পর তৃণমূলের তরফে যা বলার বলা হবে।
মমতা বলেন, যদি রাজ্যের এখন চালু যে প্রকল্পগুলো চালাতে হয়, মানুষকে সুস্থ রাখতে হয় তাহলে অন্য কাউকে নয়, কে প্রার্থী ভুলে যান সরকার যদি আমাদের চান, তাহলে আমাকে ভোট দিন। এক এক করে রাজ্য সরকারের সব প্রকল্পগুলির নাম করে মমতা বলেন, কিচ্ছু বাকি নেই, ১০৫টা স্কিম সবটাই করা হয়েছে। আমাদের সঙ্কল্প, লক্ষ্মীর ভান্ডার আজীবন পাবেন মা ও বোনেরা। যুবসাথী থাকবে। সবার পাকা বাড়ি হবে। এক কোটি বাড়িতে নলের জল পৌঁছেছে। যেটুকু বাকি আছে সব জায়গায় পৌঁছবে। কর্মীদের উদ্দেশে বলেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত কেউ চলে যাবেন না। মেশিনে কারচুপি করবে। মনে রাখবেন চিপ ঢুকিয়ে ভোট চুরি করতে পারে। আমাদের কর্মীরা লড়ে নেবে, বাইরে থেকে লোক ঢোকাচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ