
পূর্ব বর্ধমান, ১০ এপ্রিল (হি. স.): পূর্ব বর্ধমান জেলার কালনা থানার সিমলন এলাকায় শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে জোরকদমে প্রস্তুতি চলছে। বিজেপি প্রার্থীদের সমর্থনে আয়োজিত এই মেগা রেলিকে ঘিরে ইতিমধ্যে আয়োজন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
শুক্রবার দিনভর সভাস্থলে মঞ্চ নির্মাণ, বিশাল দর্শকাসন তৈরি এবং কড়া ব্যারিকেডিংয়ের কাজ প্রায় সম্পন্ন হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। বিপুল সংখ্যক পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পাশাপাশি একাধিক চেকপোস্ট বসিয়ে কড়া নজরদারি চালানো হচ্ছে।
শুক্রবার বেলা সাড়ে ১২টা নাগাদ প্রধানমন্ত্রীর বিশেষ হেলিকপ্টারের ‘ট্রায়াল রান’ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, শনিবার নির্ধারিত মাঠেই হেলিকপ্টার অবতরণ করবেন প্রধানমন্ত্রী এবং সেখান থেকে সরাসরি সভামঞ্চে পৌঁছাবেন তিনি।
বিজেপি নেতৃত্বের দাবি, এই জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হতে পারে। ইতিমধ্যেই বিভিন্ন জেলা থেকে কর্মী-সমর্থকরা কালনার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। সভায় প্রধানমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন সংশ্লিষ্ট এলাকার বিজেপি প্রার্থী ও একাধিক শীর্ষ নেতৃত্ব।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে কালনার এই সভাকে রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। প্রধানমন্ত্রীর বক্তব্য এবং জনসমাগমের প্রভাব নির্বাচনী লড়াইয়ে কতটা পরিবর্তন আনে, এখন সেদিকেই নজর সকলের।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়