
আরামবাগ, ১০ এপ্রিল (হি.স.) : পুরশুড়া বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী পার্থ হাজারির সমর্থনে রোড শো করলেন রাজ্যসভার সাংসদ বাবুল সুপ্রিয় । শুক্রবার রাধানগর থেকে তিলকচক পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ জুড়ে এই রোড শো অনুষ্ঠিত হয়।
এদিন প্রথমে রাজা রাম মোহন রায় -এর জন্মভূমি রাধানগরে তাঁর মেমোরিয়ালে মাল্যদান করেন বাবুল সুপ্রিয়। এরপর কর্মী-সমর্থকদের নিয়ে রোড শো শুরু করেন তিনি।
রোড শো ঘিরে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নির্ধারিত সময়ের কিছুটা পরে কর্মসূচি শুরু হলেও বাবুল সুপ্রিয়কে এক নজর দেখতে সাধারণ মানুষ দীর্ঘক্ষণ রাস্তার দু’ধারে অপেক্ষা করেন।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় বলেন, রাজা রামমোহন রায় বাঙালির গর্ব। তাঁর জন্মভূমিতে এসে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন। পাশাপাশি বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, সাধারণ মানুষ এখন বিজেপির চরিত্র বুঝে গিয়েছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA