
জয়পুর, ১০ এপ্রিল (হি.স.) : রাজস্থানে আকাশ পরিষ্কার হওয়ার পর এবার ফের গরমের দাপট বাড়তে শুরু করেছে। ঝড়–বৃষ্টির পর আবহাওয়ার পরিবর্তন থেমে যেতেই রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা দ্রুত বাড়ছে। শুক্রবার জানা গেছে , বৃহস্পতিবার জয়পুর, উদয়পুর, কোটা সহ একাধিক শহরে রোদের তীব্রতা বাড়ে এবং দিনের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হয়।
এদিন জয়পুর আবহাওয়া দফতরের সূত্রে আরও জানা গেছে, আগামী দিনে রাজ্যে গরম আরও বাড়বে। পরবর্তী দুই সপ্তাহে তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর ফলে কিছু জায়গায় পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি পৌঁছাতে পারে।
বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের অধিকাংশ জেলায় আকাশ পরিষ্কার ছিল। তবে এখনও কিছু শহরে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৫ ডিগ্রি কম রয়েছে, ফলে আংশিক স্বস্তি মিলছে। রাজধানী জয়পুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৫.৫ ডিগ্রি কম।
আবহবিদ জানিয়েছেন, আগামী এক সপ্তাহ রাজ্যের বেশিরভাগ অংশে আবহাওয়া পরিষ্কার থাকবে। তবে ১০ ও ১১ এপ্রিল একটি দুর্বল পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বিকানের অঞ্চলের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। বাকি রাজ্যে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
এছাড়াও তিনি আরও জানান , পরিষ্কার আকাশ ও তীব্র রোদের কারণে আগামী দিনে গরমের প্রভাব আরও বাড়বে। সাধারণ মানুষকে দুপুরের সময় রোদ এড়িয়ে চলা ও পর্যাপ্ত জলপান করার পরামর্শ দেওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য