
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.):- টিকিটবিহীন যাত্রা রোধ এবং যাত্রী পরিষেবা আরও সুশৃঙ্খল করতে শিয়ালদহ বিভাগ ৮ ও ৯ এপ্রিল দু’দিনব্যাপী নিবিড় টিকিট পরীক্ষা অভিযান চালায়। এই বিশেষ অভিযানে মোট ৬০৮টি অনিয়ম ধরা পড়ে, যার মধ্যে টিকিটবিহীন যাত্রা ও লাগেজ সংক্রান্ত বিভিন্ন লঙ্ঘন অন্তর্ভুক্ত। অভিযানের ফলে মোট ₹১,৩৭,৪৯৪ রাজস্ব আদায় হয়েছে বলে শুক্রবার রেল সূত্রে জানা গিয়েছে।অভিযানের প্রথম দিন ৮ এপ্রিল প্লাসি–লালগোলা শাখায় বিশেষ চেকিংয়ে ১৩০টি টিকিটবিহীন যাত্রার মামলা এবং ১৫৯টি লাগেজ সংক্রান্ত অনিয়ম ধরা পড়ে। ওই দিনেই মোট ₹৫০,০২৫ জরিমানা আদায় করা হয়। পরের দিন ৯ এপ্রিল বিধাননগর রোড স্টেশনে জোরদার তল্লাশিতে ২৮২টি টিকিটবিহীন যাত্রা এবং ৩৭টি লাগেজ সংক্রান্ত লঙ্ঘন ধরা পড়ে। একদিনেই ₹৮৭,৪৬৯ রাজস্ব সংগ্রহ হয়।রেল কর্তৃপক্ষের দাবি, এই ধরনের অভিযান নিয়মিত চালানো হলে টিকিটবিহীন যাত্রা অনেকটাই কমবে এবং যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়বে। শিয়ালদহ বিভাগ সকল যাত্রীকে বৈধ টিকিট ও সঠিক লাগেজ বুকিংসহ ভ্রমণের অনুরোধ জানিয়েছে, যাতে যাত্রা নিরাপদ, সুশৃঙ্খল ও স্বচ্ছ থাকে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়