
পশ্চিম মেদিনীপুর, ১০ এপ্রিল (হি. স.): পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় নির্বাচনী প্রচারের রোড শো চলাকালীন হঠাৎ স্কুটি চালিয়ে সকলকে চমকে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। শুক্রবার তাঁর এই ব্যতিক্রমী পদক্ষেপ ঘিরে এলাকায় ব্যাপক কৌতূহল ও চর্চা শুরু হয়েছে।
এদিন দুপুরে ঠাকুরবাড়ি বাজার টাউন ক্লাবের মাঠে অস্থায়ী হেলিপ্যাডে স্মৃতি ইরানির হেলিকপ্টার অবতরণ করে। সেখান থেকে তিনি সরাসরি খেজুরডাঙ্গা এলাকায় পৌঁছান এবং নির্ধারিত রোড শো-তে অংশ নেন। বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত এই মিছিলটি খেজুরডাঙ্গা থেকে সুরেরহাট পর্যন্ত যাওয়ার কথা ছিল।
মিছিল চলাকালীন আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন স্মৃতি ইরানি। এরপর নিজেই একটি স্কুটি চালিয়ে মিছিলেন সামনে চলে আসেন। প্রায় আড়াই কিলোমিটার পথ নিজেই স্কুটি চালিয়ে তিনি ঠাকুরবাড়ি বাজার এলাকায় পৌঁছান। কেন্দ্রীয় নেত্রীর এই সাবলীল অবতার দেখে রাস্তায় উপস্থিত সাধারণ মানুষ ও দলীয় কর্মীরা অবাক হয়ে যান। অনেকেই এই বিরল মুহূর্তটি নিজেদের মোবাইলে বন্দি করেন।
রোড শো শেষে তিনি পুনরায় টাউন ক্লাবের মাঠে ফিরে আসেন এবং হেলিকপ্টারে করে এলাকা ত্যাগ করেন। নির্বাচনের প্রাক্কালে চন্দ্রকোনায় স্মৃতি ইরানির এই অভিনব উপস্থিতি এবং জনসংযোগ বিজেপি কর্মীদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়