
কলকাতা, ১০ এপ্রিল (হি.স.) : “ভবানীপুরের ভোলাগিরি আশ্রমে যা ঘটেছে, তা শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি পশ্চিমবঙ্গের সামাজিক ও নৈতিক কাঠামোর ওপর সরাসরি আঘাত।” শুক্রবার এক্সবার্তায় এই অভিযোগ করেন বিজেপি-র রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।
তিনি লিখেছেন, “আজ পশ্চিমবঙ্গে এক ভয়ংকর বাস্তবতা তৈরি হয়েছে—যেখানে শাসকদলের ছত্রছায়ায় দুষ্কৃতীরা বেপরোয়া। সাধু-সন্তদের ওপর হামলা কোনো সাধারণ অপরাধ নয়, এটি আমাদের সংস্কৃতি, আস্থা এবং সহাবস্থানের মূল্যবোধকে পদদলিত করার এক নগ্ন উদাহরণ।
প্রশ্ন একটাই—এই সাহস এলো কোথা থেকে?
কার আশ্রয়ে এই দুষ্কৃতীরা ধর্মীয় স্থানে ঢুকে তাণ্ডব চালায়? যখন প্রশাসন নীরব থাকে, তখন অপরাধীরা আরও শক্তি পায়। এই নীরবতা কি শুধু অযোগ্যতা, নাকি ইচ্ছাকৃত প্রশ্রয়?
পশ্চিমবঙ্গ বহু যুগ ধরে ধর্মীয় সম্প্রীতির প্রতীক। কিন্তু আজ সেই ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা চলছে সুপরিকল্পিতভাবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে টার্গেট করা হচ্ছে, কারণ এগুলো সমাজের নৈতিক শক্তির কেন্দ্র—আর সেই শক্তিকেই ভাঙতে চাইছে হিংসার রাজনীতি।
এটা শুধু ভোলাগিরি আশ্রমের লড়াই নয়—এটা প্রতিটি সচেতন বাঙালির লড়াই, যারা বিশ্বাস করে শান্তি, সহাবস্থান আর ন্যায়ের ওপর। আজ সময় এসেছে স্পষ্ট কথা বলার—
পশ্চিমবঙ্গের মানুষ ভয়ের কাছে মাথা নত করবে না। পশ্চিমবঙ্গের মানুষ দুষ্কৃতীরাজ মেনে নেবে না। পশ্চিমবঙ্গের মানুষরা তাদের সংস্কৃতি ও আত্মমর্যাদা রক্ষায় রাস্তায় নামবে।
যারা বাংলাকে হিংসার আগুনে ঠেলে দিতে চাইছে, তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধই একমাত্র জবাব।”
প্রসঙ্গত, এদিন ভবানীপুরে ভোলাগিরি আশ্রমে হামলার অভিযোগ অভিযোগ উঠেছে তৃণমূল পুরপিতার বিরুদ্ধে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত