
নদিয়া, ১০ এপ্রিল (হি. স.) : আইনি জটিলতায় ফেঁসে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়ন পত্র বাতিল করা হলো। প্রশাসনিক সূত্র অনুযায়ী, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তির সংক্রান্ত জটিলতার কারণে জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ (ধারা অনুযায়ী রিটার্নিং অফিসার তাঁর মনোনয়নটি খারিজ করে দিয়েছেন।
গত মঙ্গলবার শান্তিপুরে আয়োজিত একটি জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনব ভট্টাচার্যকে কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন। সেই সময় তৃণমূল নেত্রী তাঁর ভূয়সী প্রশংসাও করেছিলেন। কিন্তু নির্বাচনী বিধি অনুযায়ী, যদি কোনো ব্যক্তি সরকারের কোনো কাজের সাথে সরাসরি ঠিকাদারি বা ব্যবসায়িক স্বার্থে যুক্ত থাকেন, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্য বলে বিবেচিত হন না। নির্বাচন কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, অভিনব ভট্টাচার্য সরকারি কাজের সরবরাহ বা ঠিকাদারির সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দিয়েছিলেন, যা জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।
মনোনয়ন বাতিল হওয়ার পর প্রতিক্রিয়ায় অভিনব ভট্টাচার্য বিষয়টিকে অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে অভিহিত করেছেন। তবে তিনি এও স্পষ্ট করেছেন যে, তিনি দলের সঙ্গেই আছেন এবং দলের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন।
উল্লেখ্য, এই ধরনের পরিস্থিতির আগাম আশঙ্কা থাকায় তৃণমূল কংগ্রেস আগেভাগেই একজন বিকল্প প্রার্থী তৈরি রেখেছিল। কৃষ্ণনগর উত্তর আসনে দলের পক্ষ থেকে সোমনাথ দত্ত নামের আরও একজনের মনোনয়ন জমা দেওয়া হয়েছিল। এখন অভিনব ভট্টাচার্যের মনোনয়ন বাতিল হওয়ায় সোমনাথ দত্তই এই কেন্দ্র থেকে ঘাসফুল শিবিরের হয়ে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হবেন।
হিন্দুস্থান সমাচার / সোনালি