
নদিয়া, ১০ এপ্রিল, (হি.স.): আইনি জটে বাতিল হয়ে গেল কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনব ভট্টাচার্যের মনোনয়নপত্র।
প্রশাসনের একটি সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে ব্যবসায়িক চুক্তি থাকা সংক্রান্ত জটিলতায় জনপ্রতিনিধিত্ব আইনের ৯-এ ধারায় তাঁর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং অফিসার। নির্বাচনী বিধি অনুযায়ী, কোনও ব্যক্তি যদি সরকারের কোনও কাজে সরাসরি ঠিকাদারিতে যুক্ত থাকেন বা সরকারের সঙ্গে তাঁর ব্যবসায়িক স্বার্থ জড়িয়ে থাকে, তবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না।
কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থীর ক্ষেত্রে কমিশনের পর্যবেক্ষণ, সরকারি কাজের বরাত বা সরবরাহের সঙ্গে যুক্ত থাকা অবস্থায় মনোনয়ন জমা দেওয়া জনপ্রতিনিধিত্ব আইনের পরিপন্থী।
মনোনয়ন বাতিলের পর অভিনবের প্রতিক্রিয়া, ‘‘বিষয়টি অত্যন্ত দুর্ভাগ্যজনক।’’ তবে তিনি দলের পাশে রয়েছেন। দল যা বলবে, সেই অনুযায়ী পদক্ষেপ করবেন।”
মঙ্গলবার শান্তিপুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনবকে কৃষ্ণনগর উত্তরের প্রার্থী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর ভূয়সী প্রশংসা শোনা গিয়েছিল তৃণমূলনেত্রীর মুখে।
উল্লেখ্য, ক্ষমতাসীন দলের কোনও প্রার্থী যদি সরকারের সঙ্গে কোনও রকম ব্যবসায়িক লেনদেনে যুক্ত থাকেন, বা সরকারি বরাত নিয়ে কাজ করেন, সে ক্ষেত্রে ৯-এ অনুযায়ী তাঁর প্রার্থিপদ বাতিল হতে পারে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত