
সাহারানপুর, ১০ এপ্রিল (হি.স): উত্তর প্রদেশের সাহারানপুরে পণ্যবাহী ট্রাক উল্টে মৃত্যু হলো তিন শ্রমিকের। দুর্ঘটনার পর শুক্রবার শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এর পাশাপাশি আহতদের সঠিকভাবে চিকিৎসার দিকেও বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন প্রশাসনকে।
প্রসঙ্গত , দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নাগল থানার অন্তর্গত সাহারানপুর-ঝাবরেহরা সড়কে। রাস্তার ধারে ঘুমন্ত পাঁচ শ্রমিকের উপর উল্টে যায় একটি পণ্যবাহী ট্রাক। এই আকস্মিক ঘটনায় প্রাণ হারিয়েছে তিন শ্রমিক, গুরুতরভাবে জখম দুই শ্রমিক। নিহতদের নাম আসগর, ইস্তকর ও শওকিন। আহতদের নাম গুলফাম ও করমবীর। তারা সকলেই মির্জাপুর থানার অন্তর্গত মাহমুদপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার পুলিশ সূত্রে জানা গেছে , সাহারানপুর-ঝাবরেহরা সড়কের কাছে সেতু নির্মাণের কাজে নিযুক্ত ছিল ওই পাঁচ শ্রমিক। গভীর রাতে এক বেপরোয়া গতির পণ্যবোঝাই ট্রাক হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ঘুমিয়ে থাকা পাঁচ শ্রমিকের উপর উল্টে যায়। আহত শ্রমিকদের চিৎকারে ছুটে আসে অন্যান্য শ্রমিকেরা এবং পুলিশে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ও জখম শ্রমিকদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনজনকে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। আরও দুই শ্রমিক বর্তমানে চিকিৎসাধীন। ঘটনাটির তদন্ত শুরু করেছে পুলিশ।
---------------
হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক