
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলপি কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বর্ণালী ধাড়ার সমর্থনে শুক্রবার বেলুনি মডেল স্কুলে একটি কর্মীসভা অনুষ্ঠিত হয়। ঢোলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই সভাটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। মূলত ভোটের রণকৌশল স্থির করা এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই সভায় বিস্তারিত আলোচনা হয়েছে।
এদিনের সভায় উপস্থিত ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, অঞ্চল সভাপতি জহির আহমেদ মোল্লা, গ্রাম পঞ্চায়েত প্রধান নিশিকান্ত হালদার, উপপ্রধান মেহেরুন বিবি খানসহ স্থানীয় নেতৃত্ব ও বুথ স্তরের কর্মীরা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ বাপি হালদার অভিযোগ করেন, ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য নষ্ট করার চেষ্টা চলছে। তিনি বলেন, নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য নানা চক্রান্ত করা হচ্ছে। এর বিরুদ্ধেই লড়াই শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বাপি হালদারের দাবি, বর্তমান এই রাজনৈতিক লড়াই স্বাধীনতা সংগ্রামের দ্বিতীয় পর্যায়ের সমান। তাঁর মতে, স্বাধীনতা আন্দোলনের সময় যেভাবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল, বর্তমান পরিস্থিতিতেও দেশের গণতন্ত্র রক্ষায় সকলকে সেভাবেই একজোট হয়ে লড়াই করার আহ্বান জানান তিনি।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত