বিধানসভায় প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিবস পালন, শ্রদ্ধা নিবেদন জেডিইউ নেতৃত্বের
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের তৃতীয় তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিবস উপলক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো। বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে আয়োজিত এ
পশ্চিমবঙ্গ বিধানসভার লবিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন


কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : পশ্চিমবঙ্গের তৃতীয় তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্ল চন্দ্র সেনের জন্মদিবস উপলক্ষে শুক্রবার পশ্চিমবঙ্গ বিধানসভায় তাঁকে বিনম্র শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হলো। বিধানসভার প্রধান সচিব সৌমেন্দ্রনাথ দাসের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে জনতা দল (ইউনাইটেড)-এর প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

​আরামবাগের ‘গান্ধী’ হিসেবে পরিচিত প্রফুল্ল চন্দ্র সেনের জাতীয়তাবাদী চেতনা, সততা ও সমাজতান্ত্রিক আদর্শের কথা এদিন বিশেষভাবে স্মরণ করা হয়। বক্তারা তাঁর আজীবন সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতিচারণ করে বলেন, তাঁর জীবন আজও সমাজের কাছে এক পরম প্রেরণার উৎস।

​রাজনৈতিক জীবনের স্মৃতিচারণায় উঠে আসে যে, ১৯৪৮ সালে ড. বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় অসামরিক সরবরাহ মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। ড. রায়ের প্রয়াণের পর ১৯৬২ থেকে ১৯৬৭ সাল পর্যন্ত তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন। পরবর্তীকালে কংগ্রেস দ্বিধাবিভক্ত হলেও তিনি মূল দলেই থেকে যান। তবে ১৯৭৫ সালে জরুরি অবস্থা ঘোষিত হলে তিনি তার তীব্র প্রতিবাদ জানান। এক সময় কংগ্রেস ত্যাগ করে তিনি জনতা পার্টিতে যোগ দেন এবং দলের রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হন। ১৯৭৭ সালে জনতা পার্টির প্রার্থী হিসেবে তিনি লোকসভার সদস্যও হয়েছিলেন।

​এদিনের আলোচনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে সামাজিক ন্যায়বিচার, অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার প্রসঙ্গটিও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। মহাত্মা গান্ধী, রাম মনোহর লোহিয়া, জয়প্রকাশ নারায়ণ এবং কর্পূরী ঠাকুরের আদর্শের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানানো হয়।

​অনুষ্ঠানে জেডিইউ-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক মহম্মদ নুরুল হুদা জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নাগরিকদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগে সচেতন করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে একটি জনকল্যাণমুখী ও স্থিতিশীল সরকার গঠনের প্রতিশ্রুতিও এদিন পুনর্ব্যক্ত করেন তিনি।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande