
হুগলি, ১০ এপ্রিল, (হি.স.): শুক্রবার গঙ্গায় ডুবে দু’জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। তাদের একজন চন্দননগরের কিশোর। অপরজন শেওড়াফুলিতে আসা উত্তর ২৪ পরগনার এক যুবক।
এদিন চন্দননগর শিববাটি ঘাটে স্নান করতে গিয়ে তলিয়ে যায় বছর ষোলো বয়সি কিশোর ইমরান আলম। হুগলির চন্দননগর ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফিরোজ আলমের ছেলে ইমরান। এ দিন সকাল দশটা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে চলে যায় শিববাটি ঘাটে।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, ঘাটে নেমে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই কিশোর। সেই সময়ে ঘাটে থাকা একজন তাকে বাঁচানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ যায় ঘটনাস্থলে। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দফতরে।
অন্য দিকে শেওড়াফুলির নিমাইতীর্থ ঘাটে জল তুলতে গিয়ে তলিয়ে মৃত্যু হয় এক যুবকের। উত্তর ২৪ পরগনার মিনাখাঁ থেকে তারকেশ্বরে যাওয়ার জন্য শেওড়াফুলি এসেছিলেন ওই যুবক। সঙ্গে তাঁর মা ও বাবা ছিল। ঘাট থেকে জল তুলতে গিয়ে তলিয়ে যান ওই যুবক। পরে তাঁর দেহ উদ্ধার করা হয়। মৃতের নাম নিশান ভূঁইয়া (৩৬)।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত