
হুগলি, ১০ এপ্রিল, (হি.স.): শুক্রবার বিজেপির প্রচার মিছিল ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে পুরশুড়া! বিজেপির মিছিলে তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ। বাঁশ, মাঠি নিয়ে বেধড়ক মারধর করা হয়! রাজ্যের শাসক দলের পালটা অভিযোগ, বিজেপির তরফ থেকে হামলা চালানো হয়েছে। ঘটনা ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। হামলার ঘটনায় দু’পক্ষের ১০ জন জখম হয়েছেন বলে প্রাথমিকভাবে খবর।
পুরশুড়ার কেলেপাড়ায় বিজেপি প্রার্থী বিমান ঘোষকে নিয়ে কর্মী-সমর্থকরা প্রচার করছিলেন। তৃণমূলের কেলেপাড়া পঞ্চায়েতের উপপ্রধান শ্রীকান্ত মালিকের বাড়ির সামনে দিয়ে মিছিল যাওয়ার সময় তীব্র গালিগালাজ করা হয়! ওই ঘটনার প্রতিবাদ করেন বিজেপি কর্মী-সমর্থকরা। এরপরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকার পরিস্থিতি।
গালিগালাজ কেন করা হচ্ছে, সেই প্রতিবাদ করতেই তৃণমূলের লোকজন হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের তরফে পালটা হামলা অভিযোগ আনা হয়েছে। তাদের দাবি, বিজেপির লোকজন লাঠি, ইঁট, রড নিয়ে হামলা চালায়! অভিযোগ, বিজেপি প্রার্থী বিমান ঘোষ নিজে দাঁড়িয়ে থেকে এই হামলার নেতৃত্ব দিয়েছেন। বাড়ির মহিলাদেরও মারধর করা হয়েছে!
বিজেপির দাবি, শান্তিপূর্ণ প্রচার মিছিল চলার সময় তৃণমূল হামলা চালিয়েছে। তাঁদের মহিলা কর্মী-সমর্থকদের উপর হামলা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতির সামাল দেয়। জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত