
কলকাতা, ১০ এপ্রিল (হি. স.) : বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম অভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষকে স্মরণীয় করে রাখতে নদিয়া জেলার রানাঘাটে তাঁর একটি পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠিত হলো। শুক্রবার ‘বৈশাখী কালচারাল ইউনিট’-এর উদ্যোগে রানাঘাট নজরুল মঞ্চ সংলগ্ন এলাকায় এই মূর্তির আবরণ উন্মোচন করেন সংগঠনের সভাপতি অশোক মৈত্র।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল চক্রবর্তী, কৌশলদেব বন্দ্যোপাধ্যায়, অশোক বিশ্বাসসহ শহরের বিশিষ্টজনেরা। উদ্যোক্তাদের পক্ষ থেকে সুব্রত গাঙ্গুলি জানান, কেবল মূর্তি স্থাপনই নয়, বরং তার নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং যথাযোগ্য মর্যাদায় মহানায়ককে স্মরণ করাই তাঁদের মূল লক্ষ্য।
উল্লেখ্য, রানাঘাট শহরে এর আগেও এই সংস্থা রবীন্দ্রনাথ ঠাকুর, নবীনচন্দ্র সেন, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, সত্যজিৎ রায় এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল ব্যক্তিত্বদের মূর্তি স্থাপন করেছে। তাঁদের জন্ম ও প্রয়াণ দিবসে প্রতি বছর নিয়মিত শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানের আয়োজনও করে থাকে এই সংগঠন।
এদিনের অনুষ্ঠানটি ঘিরে এক বর্ণময় সাংস্কৃতিক পরিবেশ তৈরি হয়েছিল। সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে মহানায়কের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় শিল্পীরা। রানাঘাটের সাংস্কৃতিক পরিমণ্ডলে এই উদ্যোগ এক নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন বিশিষ্টজনেরা।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত