
কলকাতা, ১০ এপ্রিল, (হি.স.): রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের লক্ষ্যে একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন। সল্টলেকের বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার একথা জানান।
তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাকালীন সময়ে যারা বামফ্রন্টের শাসনের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তাদের অনেকেই বর্তমানে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। সেই প্রেক্ষাপটে পূর্ব বর্ধমান জেলার অভিজ্ঞ রাজনৈতিক নেতা বিকাশ রায় চৌধুরী বিজেপিতে যোগদান করেছেন।
শুভেন্দুবাবু বলেন, বিকাশবাবু দীর্ঘদিন ধরে জনসংযোগ ও সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহ-সভাধিপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি আসন্ন নির্বাচনে মঙ্গলকোটসহ বীরভূম-বর্ধমান অঞ্চলে দলের সংগঠন শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে।
এছাড়াও, টালিগঞ্জের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী মাফিন চক্রবর্তী বিজেপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন। তিনি বিভিন্ন জনপ্রিয় ধারাবাহিকে কাজ করেছেন এবং ব্যক্তিগত প্রভাব ও পরিচিতিকে কাজে লাগিয়ে বিজেপির প্রার্থীদের পক্ষে প্রচার চালাবেন।
শুভেন্দুবাবু বলেন, রাজ্যের সাংস্কৃতিক ক্ষেত্রেও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং সেই পরিস্থিতি থেকে মুক্তির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রের মানুষ বিজেপির সঙ্গে যুক্ত হচ্ছেন।
‘ভয়মুক্ত বাংলা, ভরসার বাংলা’ গঠনের লক্ষ্য নিয়ে দল কাজ করছে। নতুন যোগদানকারীরা সেই লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে নবাগতদের স্বাগত জানান। নবাগতদের আনুষ্ঠানিকভাবে দলীয় পতাকা ও সদস্যপদ দেওয়া হয়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত