দেড় মাস সময়ে ৫০০ নম্বরের পরীক্ষা, তারিখ পিছোনোর দাবিতে প্রার্থীদের ডেপুটেশন টিপিএসসিতে
আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) আয়োজিত টিইএস আরডি দফতরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার (গ্রেড-১ ও গ্রেড-২) পদে মেইনস পরীক্ষার নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদ
টিপিএসসিতে ডেপুটেশন


আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন (টিপিএসসি) আয়োজিত টিইএস আরডি দফতরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার (গ্রেড-১ ও গ্রেড-২) পদে মেইনস পরীক্ষার নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়ার দাবিতে শুক্রবার কমিশনের চেয়ারম্যানের কাছে ডেপুটেশন প্রদান করেন চাকরি প্রত্যাশীরা।

প্রার্থীদের একাংশ জানান, চলতি বছরের ১২ মার্চ প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পরপরই মেইনস পরীক্ষার তারিখ আগামী ২ মে ২০২৬ নির্ধারণ করা হয়েছে। এতে করে পরীক্ষার্থীরা প্রস্তুতির জন্য প্রায় দেড় মাসেরও কম সময় পাচ্ছেন, যা তাঁদের মতে পর্যাপ্ত নয়।

তাঁদের বক্তব্য অনুযায়ী, মেইনস পরীক্ষা মোট ৫০০ নম্বরের, যেখানে টেকনিক্যাল পেপারের পাশাপাশি জেনারেল স্টাডিজও অন্তর্ভুক্ত রয়েছে। বিস্তৃত সিলেবাস এবং উচ্চমানের প্রশ্নপত্রের জন্য দীর্ঘমেয়াদি প্রস্তুতির প্রয়োজন হয়। কিন্তু বর্তমান নির্ধারিত সময়সীমা প্রার্থীদের জন্য অত্যন্ত সীমিত হওয়ায় তাঁরা সঠিকভাবে প্রস্তুতি নিতে পারছেন না।

এই পরিস্থিতিতে পরীক্ষার তারিখ অন্তত কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার দাবি জানান তাঁরা। ডেপুটেশনে অংশগ্রহণকারী প্রার্থীরা আরও বলেন, পর্যাপ্ত সময় পেলে তাঁরা নিজেদের দক্ষতা আরও ভালোভাবে তুলে ধরতে পারবেন এবং পরীক্ষায় স্বচ্ছ প্রতিযোগিতার পরিবেশ বজায় থাকবে।

ডেপুটেশন গ্রহণ করে কমিশনের পক্ষ থেকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কী হবে, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, টিইএস আরডি দফতরের অধীনে জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিয়োগ প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে বহু চাকরি প্রার্থীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়ে আসছে। ফলে মেইনস পরীক্ষার সময়সীমা নিয়ে এই অসন্তোষ ভবিষ্যতে আরও জোরালো আকার নিতে পারে বলে মনে করছে বিভিন্ন মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande