বেঙ্গালুরুতে ‘ডেস্টিনেশন ত্রিপুরা’ রোডশো, বিনিয়োগে ব্যাপক সাড়া
আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন ‘ডেস্টিনেশন ত্রিপুরা : বিজনেস কনক্লেভ ২০২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতর বেঙ্গালুরুর একটি হোটেলে ডেস্টিনেশন ত্রিপুরা–ইনভেস্টরস’ রোডশো আয়োজন করে। দক্ষিণ ভারতের শিল্পপতি, বিনিয়োগকা
ত্রিপুরা সরকার


আগরতলা, ১০ এপ্রিল (হি.স.) : আসন্ন ‘ডেস্টিনেশন ত্রিপুরা : বিজনেস কনক্লেভ ২০২৬’-এর প্রস্তুতির অংশ হিসেবে ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দফতর বেঙ্গালুরুর একটি হোটেলে ডেস্টিনেশন ত্রিপুরা–ইনভেস্টরস’ রোডশো আয়োজন করে। দক্ষিণ ভারতের শিল্পপতি, বিনিয়োগকারী, স্টার্ট-আপ ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সংযোগ স্থাপনের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

রোডশোতে ত্রিপুরার শিল্পবান্ধব পরিবেশ, উন্নত পরিকাঠামো, নীতিগত সংস্কার এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরা হয়। শিল্প ও বাণিজ্য দফতরের সচিব কিরণ গিত্যে জানান, সরকার শিল্পনীতি সহজীকরণ, সময়বদ্ধ অনুমোদন এবং ‘ইজ অব ডুয়িং বিজনেস’ শক্তিশালী করতে ধারাবাহিকভাবে কাজ করছে। দক্ষ মানবসম্পদ, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও প্রশাসনিক দক্ষতার ফলে ত্রিপুরায় শিল্প বিনিয়োগের অনুকূল পরিবেশ তৈরি হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, উত্তর-পূর্বাঞ্চলের দ্রুত-বর্ধনশীল অর্থনীতির মধ্যে ত্রিপুরা গুরুত্বপূর্ণ অবস্থান দখল করেছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ফলে আন্তর্জাতিক বাজারে প্রবেশের সুযোগও বাড়ছে, যা লজিস্টিকস, ম্যানুফ্যাকচারিং ও সীমান্ত-বাণিজ্যে নতুন সম্ভাবনা তৈরি করছে।

অনুষ্ঠানে অধিকর্তা ডঃ দীপক কুমার তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক্স, স্বাস্থ্যসেবা, পর্যটন, কৃষি-প্রক্রিয়াকরণ, বাঁশ, রাবার, আগরউডসহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ তুলে ধরেন। পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য জমি, প্রকল্প পরিকল্পনা ও দ্রুত অনুমোদনের আশ্বাস দেওয়া হয়।

এছাড়া স্কিল ডেভেলপমেন্ট, নগর উন্নয়ন এবং আগরউড শিল্পের প্রতিনিধিরাও নিজ নিজ ক্ষেত্রের সম্ভাবনা তুলে ধরেন। রোডশোর অংশ হিসেবে ইন্টারঅ্যাকটিভ আলোচনা ও বি-টু-জি বৈঠক অনুষ্ঠিত হয়।

এই অনুষ্ঠানে ২,০০০ কোটি টাকার বেশি মূল্যের ৪৪টি এলওআই/এমওইউ স্বাক্ষরিত হয়েছে। রোডশোটি ত্রিপুরাকে একটি বিনিয়োগবান্ধব ও উন্নয়নশীল রাজ্য হিসেবে আরও প্রতিষ্ঠিত করেছে বলে শিল্প দফতর জানিয়েছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ




 

 rajesh pande