
শ্রীভূমি (অসম), ১১ এপ্রিল (হি.স.) : শ্রীভূমি শহরে অবস্থিত ১২৩ নম্বর উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনের ২৩৯ নম্বর ভোটকেন্দ্র বেবিল্যান্ড হাই ইংলিশ স্কুলে আজ শনিবার অনুষ্ঠিত পুনর্ভোটে ভোট পড়েছে ৬১.০৭ শতাংশ। এই কেন্দ্রে মোট ৫৯৯ জন ভোটারের মধ্যে ভোটদান করেছেন ৩৭০ জন। আজ সকাল ৭-টা থেকে বিকাল ৫-টা পর্যন্ত শান্তিতে অনুষ্ঠিত পুনৰ্ভোট পর্ব।
গত বৃহস্পতিবার ৯ এপ্রিল ভোটগ্রহণের সময় এই বুথে জ্যামিং, হট্টগোল, উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হওয়ায় নির্বাচন কমিশন নতুন করে ভোটগ্রহণের নির্দেশ দিয়েছিল।
আজ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ভোটপর্ব। বুথে কয়েকবার ভোটপর্ব পর্যবেক্ষণ করেছেন জেলা রিটার্নিং অফিসার তথা জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস