
মুম্বই, ১১ এপ্রিল (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলার বোইসারে একটি স্পা সেন্টারে পুলিশের হানায় দেহব্যবসার চক্রের পর্দাফাঁস হয়েছে। অভিযানে তিন মহিলাকে উদ্ধার করা হয়েছে এবং স্পা-সংযুক্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত এখনও পলাতক।
শনিবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, বোইসার পূর্বের বেতগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় অবস্থিত “নিম্বা ওয়েলনেস” নামে একটি স্পা দীর্ঘদিন ধরেই পুলিশের নজরে ছিল। স্থানীয় অভিযোগের ভিত্তিতে জানা যায়, ম্যাসাজের আড়ালে সেখানে অবৈধ দেহব্যবসা চালানো হচ্ছিল। অভিযোগের সত্যতা যাচাই করতে পুলিশ প্রথমে একজন ছদ্মবেশী ক্রেতাকে পাঠায়। সেই সূত্রেই পুরো চক্রের প্রমাণ মেলে। এরপর শুক্রবার সন্ধ্যায় পুলিশ উপ-অধিকর্তা বিকাশ নায়েক ও পুলিশ পরিদর্শক সুনীল যাধবের নেতৃত্বে একটি দল সাদাপোশাকে হানা দেয়।
অভিযানের সময় স্পার ভিতরেই দেহব্যবসার কার্যকলাপ ধরা পড়ে। সঙ্গে সঙ্গে তিন মহিলাকে উদ্ধার করা হয়। পরে তাঁদের উদ্ধার কেন্দ্র (রেসকিউ ফাউন্ডেশন)-এ পাঠানো হয়েছে।
এই ঘটনায় স্পার সঙ্গে যুক্ত তিন কর্মীর বিরুদ্ধে মামলা রুজু করে গ্রেফতার করেছে পুলিশ। তবে চক্রের মূলচালক এখনও অধরা রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের শনিবার পালঘর আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য