
দেহরাদূন, ১১ এপ্রিল (হি.স.) : উত্তরাখণ্ডে আসন্ন চারধাম যাত্রা ২০২৬ ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই চারধাম ও হেমকুণ্ড সাহিব যাত্রার জন্য মোট ১৪ লক্ষ ৫৪ হাজার ৮৯৭ জন তীর্থযাত্রী নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে সর্বাধিক রেজিস্ট্রেশন হয়েছে কেদারনাথ ধামের জন্য।
শনিবার পর্যটন দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত কেদারনাথের জন্য ৪ লক্ষ ৯৫ হাজার ১৭৩ জন, বদ্রীনাথের জন্য ৪ লক্ষ ২৯ হাজার ৪১৬ জন, গঙ্গোত্রীর জন্য ২ লক্ষ ৬২ হাজার ৪৮৫ জন এবং যমুনোত্রীর জন্য ২ লক্ষ ৫৫ হাজার ৬০৯ জন রেজিস্ট্রেশন করেছেন। এছাড়া হেমকুণ্ড সাহিবের জন্য এখন পর্যন্ত ১২ হাজার ২১৪ জন তীর্থযাত্রী নাম নথিভুক্ত করেছেন।
রাজ্যের বিভিন্ন অফলাইন রেজিস্ট্রেশন কেন্দ্র—হরিদ্বার, ঋষিকেশ, নয়াগাঁও, হার্বার্টপুর এবং ঋষিকেশ ট্রানজিট ক্যাম্পে শুক্রবার নতুন করে কোনও রেজিস্ট্রেশন হয়নি। তবে আগামী ১৭ এপ্রিল থেকে অফলাইন রেজিস্ট্রেশন শুরু হবে। উল্লেখ্য, অনলাইন রেজিস্ট্রেশন গত ৬ মার্চ থেকে অব্যাহত রয়েছে।
নির্ধারিত সূচী অনুযায়ী, ১৯ এপ্রিল গঙ্গোত্রী ও যমুনোত্রী ধামের কাপাট খুলবে। এরপর ২২ এপ্রিল কেদারনাথ এবং ২৩ এপ্রিল বদ্রীনাথ ধামের দরজা ভক্তদের জন্য উন্মুক্ত করা হবে।
চারধাম যাত্রাকে সামনে রেখে রাজ্য সরকার ও পর্যটন দফতর নিরাপত্তা, স্বাস্থ্য পরিষেবা, যাত্রাপথের অবকাঠামো এবং নিবন্ধন ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে প্রস্তুতি নিচ্ছে। দেশ-বিদেশ থেকে আগত তীর্থযাত্রীদের জন্য উন্নত পরিষেবা নিশ্চিত করার লক্ষ্যে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।
তীর্থযাত্রীরা সরকারি ওয়েবসাইট, “ট্যুরিস্ট কেয়ার উত্তরাখণ্ড” মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট হেল্পলাইন নম্বরের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পাশাপাশি আইআরসিটিসির অনুমোদিত ওয়েবসাইটের মাধ্যমে কেদারনাথ ও হেমকুণ্ড সাহিবের হেলিকপ্টার পরিষেবার টিকিট বুকিংও চালু রয়েছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য