
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : মেঘলা আকাশ ও তুলনামূলক স্বস্তির আবহাওয়াকে কাজে লাগিয়ে ডোমজুড় বিধানসভা কেন্দ্রে জোরকদমে প্রচার চালালেন বিজেপি প্রার্থী গোবিন্দ হাজরা। গত শুক্রবার জগদীশপুরের বাঁইগাছি ষষ্ঠীতলা থেকে শনি মন্দির পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা ও প্রচার কর্মসূচিতে অংশ নেন তিনি। রাস্তাজুড়ে বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এই কর্মসূচিটি অত্যন্ত জমজমাট হয়ে ওঠে।
শনিবার সকালেও প্রচারের সেই চেনা ছন্দ বজায় ছিল।
এদিন নিশ্চিন্দা এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন বিজেপি প্রার্থী। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তাঁদের অভাব-অভিযোগ ও বিভিন্ন সমস্যার কথা শোনেন তিনি এবং তা সমাধানের আশ্বাস দেন। এই দু-দিনের ধারাবাহিক কর্মসূচিতে দলীয় কর্মী-সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
নিজের প্রচার কর্মসূচি নিয়ে গোবিন্দ হাজরা দাবি করেন যে, সাধারণ মানুষের কাছ থেকে তিনি ব্যাপক সাড়া পাচ্ছেন। ভোটের আগে এই ধরণের জনসমর্থন দলের পক্ষে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বলেই মনে করছেন তিনি। জয়ের বিষয়ে এখনই কোনো চূড়ান্ত মন্তব্য করতে রাজি না হলেও, প্রার্থীর বক্তব্যে আত্মবিশ্বাসের সুর স্পষ্ট ধরা পড়েছে। এখন আসন্ন নির্বাচনে ডোমজুড়বাসী কাকে বেছে নেয়, তা জানতে অপেক্ষা কেবল ভোটগণনার দিন পর্যন্ত।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত