
হবিবপুর, ১১ এপ্রিল (হি. স.):-আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হবিবপুর কেন্দ্রে জোরকদমে প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী জয়েল মুর্মু। শনিবার বুলবুলচন্ডী এলাকায় তিনি ব্যাপক জনসংযোগ কর্মসূচি চালান। এদিন মধ্যম কেন্দুয়া এলাকা থেকে হুটখোলা গাড়িতে চেপে প্রচার শুরু করেন তিনি। শুরু থেকেই প্রচারে গতি এনে বিভিন্ন এলাকায় ঘুরে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন।প্রচারসূচি অনুযায়ী বুলবুলচন্ডীর কেন্দুয়া, দত্তপাড়া, শান্তিনগর, ডুবাপাড়া, সোলাডাঙ্গা, ইংলিশ সাহ্বানপুর ও ঝিনির পুকুর সহ একাধিক এলাকায় যান জয়েল মুর্মু। প্রতিটি এলাকায় তিনি ভোটারদের সঙ্গে কথা বলেন এবং সমর্থন প্রার্থনা করেন। তাঁর প্রচারে ছিল একটি বিশাল বাইক মিছিল, যেখানে বিপুল সংখ্যক বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলের মাধ্যমে এলাকাজুড়ে শক্তি প্রদর্শনের পাশাপাশি নির্বাচনী প্রচারে বাড়তি গতি আসে।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হবিবপুর বিধানসভা কেন্দ্রের কনভেনার প্রভাস চৌধুরী এবং হবিবপুর পঞ্চায়েত সমিতির সভাপতি সুখী রানী সাহা সহ অন্যান্য নেতৃবৃন্দ।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়