
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন রাসবিহারী কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাশীষ কুমার। শনিবার তিনি ৮৯ নম্বর ওয়ার্ডের একাধিক এলাকায় ঘুরে জনসংযোগ কর্মসূচি পালন করেন। সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের সমস্যার খোঁজখবর নেন এবং গত পাঁচ বছরে এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরেন।প্রচারের ফাঁকে দেবাশীষ কুমার জানান, গত পাঁচ বছরে রাসবিহারী কেন্দ্রে যে পরিকাঠামোগত ও সামগ্রিক উন্নয়ন হয়েছে, তার ভিত্তিতেই মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা রাখবে। বিরোধীরা অনুন্নয়নের অভিযোগ তুললেও, তা মানুষের মধ্যে কোনও প্রভাব ফেলবে না বলেই তাঁর দাবি। পাশাপাশি তিনি বিরোধীদের উদ্দেশে প্রশ্ন ছুঁড়ে বলেন, কোথায় উন্নয়ন হয়নি তা স্পষ্ট করে দেখাতে হবে।উল্লেখ্য, গত নির্বাচনে তিনি প্রায় ২১ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছিলেন। এবারে সেই ব্যবধান আরও বাড়তে পারে কিনা, সে প্রসঙ্গে তিনি বলেন, মানুষের সমর্থন থাকলে জয় নিশ্চিত। এছাড়াও এসআইআর সংক্রান্ত ইস্যুতে অধিকাংশ হিন্দু নাম বাদ পড়ার অভিযোগ নিয়েও সরব হন তৃণমূল প্রার্থী। গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়