
বাজারিছড়া (অসম), ১১ এপ্রিল (হি.স.) : গত ৯ এপ্রিল অসম বিধানসভা নির্বাচনের দিন ভোট পর্বে শ্ৰীভূমি জেলান্তৰ্গত ১২৫ নম্বর পাথারকান্দি কেন্দ্ৰের অধীন রাঙামাটির ২১৪ নম্বর বুথে হামলা, ভাঙচুর এবং পোলিং এজেন্টদের মারধরের অভিযোগে কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা সিনহার বিরুদ্ধে বাজারিছড়া থানায় এফআইআর দায়ের করেছেন সংশ্লিষ্ট ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার তারিক আমিন মজুমদার।
এফআইআর-এর ভিত্তিতে বাজারিছড়া থানায় ১৫/২৬ নম্বরে ভারতীয় নাগরিক সংহিতা (বিএনএস)-র ১৯১/১২১/১৩২/১৭৪/৩২৪/৩২৬/৩৫১/৩১৫/৩ ধারায় মামলা রুজু করে করেছে পুলিশ।
প্রসঙ্গত, গত ৯ এপ্রিল ভোটের দিন অভিযুক্ত কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা সিনহা তাঁর সাঙ্গোপাঙ্গদের সঙ্গে নিয়ে বালিপিপলা গ্রাম পঞ্চায়েতর অন্তর্গত ৫১৩ নম্বর রাঙামাটি এলপি স্কুলের ২১৪ নম্বর বুথে অনধিকার প্রবেশ করে বিজেপির কার্যকর্তা ও এজেন্টদের মারপিটের পাশাপাশি ইভিএম সহ ব্যাপক ভাঙচুর করেছেন বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে শ্রীভূমির সিনিয়র পুলিশ সুপার লীনা দলে সহ অন্যান্য পদস্থ প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে প্রায় আড়াই ঘণ্টা পর পুনরায় নতুন করে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন।
এদিকে ঘটনার দিন মামলাটি রুজু করা হলেও এ খবর লেখা পর্যন্ত অভিযুক্তকে পুলিশ খুঁজে পাচ্ছে না বলে জানা গেছে।
অন্যদিকে ভোটের দিন সংঘটিত ঘটনা সম্পর্কে অভিযুক্ত কংগ্রেস-প্রার্থী কার্তিকসেনা সিনহার প্রতিক্রিয়া জানতে গেলে তিনি জানান, বিজেপি কর্মীরা বুথ দখল করতে গিয়েছিলেন। বাধা দিতে গেলে তিনি এবং তাঁর কয়েকজন সমর্থক তাদের হাতে আক্রান্ত হন। ঘটনাকে রঙ চড়িয়ে এক নেতার ইশারায় থানা পর্যন্ত গড়ানো হয়েছে। তবে সেদিনের গোটা ঘটনার সাক্ষী বুথের ভেতরে সংস্থাপিত সিসিটিভি ক্যামেরা, বলেন কার্তিকসেনা সিনহা।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস