
গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : অসমের গৌহাটি কমার্স কলেজকে পাঁচ বছরের জন্য স্বায়ত্তশাসিত মর্যাদা প্রদান করেছে ‘ইউনিভার্সিটি গ্রান্টস্ কমিশন’ (ইউজিসি)। এই মর্যাদা ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ২০৩০-৩১ পর্যন্ত কার্যকর থাকবে।
এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক উৎকর্ষতা, উদ্ভাবন এবং মানসম্মত শিক্ষার ক্ষেত্রে ধারাবাহিক প্রচেষ্টার জন্য প্রদান করা হয়েছে। স্বায়ত্তশাসিত মর্যাদা পাওয়ার ফলে গৌহাটি কমার্স কলেজ এখন নিজস্ব পাঠ্যক্রম প্রণয়ন করতে পারবে, শিল্পক্ষেত্র-সংশ্লিষ্ট কোর্স চালু করতে পারবে এবং নিজস্বভাবে পরীক্ষা পরিচালনা করতে পারবে। তবে এটি তার মূল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংযুক্ত থাকবে।
শিক্ষাবিদদের মতে, এই পদক্ষেপ শুধু প্রতিষ্ঠানটির অ্যাকাডেমিক মানোন্নয়নই করবে না, অসমের উচ্চশিক্ষার সামগ্রিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে রাজ্যের অন্যান্য কলেজও এ ধরনের স্বীকৃতি অর্জনের জন্য উৎসাহিত হবে, যা অঞ্চলের শিক্ষাব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার্থীদের জন্য আরও ভালো সুযোগ সৃষ্টি করবে।
১৯৬২ সালে প্ৰতিষ্ঠিত গৌহাটি কমার্স কলেজ অসমের অন্যতম শীর্ষস্থানীয় কমার্স শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে দক্ষ পেশাজীবী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এর নতুন মর্যাদা উত্তর-পূর্বাঞ্চলে মানসম্মত উচ্চশিক্ষার একটি উদীয়মান কেন্দ্র হিসেবে অসমের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আশা করছে শিক্ষানুরাগী মহল।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস