

কলকাতা, ১১ এপ্রিল (হি.স.): সাংবাদিকতার পাঠশালা আর সংবাদের রন্ধনশালার মধ্যে যে যোজন তফাৎ, তা এই পেশায় প্রবেশের শুরুতেই টের পায় পড়ুয়ারা। কলেজ, বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে সাংবাদিকতার ছাত্র-ছাত্রীরা সংবাদমাধ্যমে প্রবেশের পরেই বোঝে পাঠ্যবইয়ের সাংবাদিকতার সঙ্গে বাস্তবের সংবাদ পরিবেশনের পার্থক্য ঠিক কতটা। তাই শ্রেণিকক্ষের সঙ্গে সংবাদের আঁতুড়ঘরের পরিচয় ঘটাতে এবার উদ্যোগ নিলো বঙ্গ বিদ্যার্থী। সর্বভারতীয় বহুভাষী সংবাদ সংস্থা হিন্দুস্থান সমাচার এবং সংবাদ পোর্টাল মাধ্যম-এর সঙ্গে যৌথ উদ্যোগে শনিবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য বারাসতে বঙ্গ বিদ্যার্থী আয়োজন করেছিল সাংবাদিকতার কর্মশালা। পোশাকি নাম মিডিয়া কনক্লেভ - ইন্টার্নশিপ ওরিয়েন্টেশন ফর স্টুডেন্টস অফ জার্নালিজম, মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া সায়েন্সেস।
বারাসত সুভাষ ইনস্টিটিউট হলে সারাদিনব্যাপী এই কর্মশালায় যেমন ছিল সাংবাদিকতার পড়ুয়ারা; তেমনই ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরাও, যারা ভেবে রেখেছে ভবিষ্যতে কলেজে পড়ার বিষয় হিসেবে বেছে নেবে সাংবাদিকতাকে। আবার তথ্যপ্রযুক্তি নিয়ে পড়াশোনা করছে, এমন পড়ুয়ারাও ছিল কর্মশালায়, যাদের আগ্রহ ডিজিটাল মাধ্যমের সাংবাদিকতায়।
এদিনের কর্মশালায় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যম সংবাদ পোর্টালের তরফে কৃষ্ণেন্দু বক্সী, আমাদের ভারত সংবাদ পোর্টালের তরফে প্রদীপ দাস, তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ প্রণব বৈঠঙ্কর ও হিন্দুস্থান সমাচার এর তরফে সৌম্যজিৎ চক্রবর্তী এবং বঙ্গ বিদ্যার্থী-র তরফে দেবাঞ্জন পাল প্রমুখ।
সংবাদ পরিবেশনের প্রাথমিক পাঠ, সোশ্যাল মিডিয়া মনিটরিং, ডাটা জার্নালিজম-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয় কর্মশালায়। হাতেকলমে শেখানো হয় ভুয়ো খবর চিহ্নিত করার উপায়। উল্লেখ্য, অংশগ্রহণকারীদের মধ্যে আগ্রহী ও যোগ্য বেশ কয়েকজনকে আগামী ১৫ দিনের জন্য সংবাদমাধ্যমে হাতেকলমে কাজ শেখার সুযোগ দেওয়া হয় কর্মশালা থেকেই।
হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ