
কলকাতা, ১১ এপ্রিল (হি. স.) : বিধানসভা নির্বাচনের প্রচারে জোরদার সূচনা করলেন কল্যাণী বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল। শনিবার সগুনা পঞ্চায়েত এলাকা জুড়ে প্রার্থীর সমর্থনে আয়োজিত পদযাত্রায় কার্যত জনসমুদ্রের সৃষ্টি হয়। ঢাক-ঢোল ও বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে বর্ণাঢ্য এই শোভাযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। রাস্তার দু’ধারে সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো, এমনকি বহু বাড়ির বারান্দা থেকেও প্রার্থীর ওপর পুষ্পবৃষ্টি করতে দেখা যায়।
এলাকায় ‘গরিবের ডাক্তার’ হিসেবে সুপরিচিত অতীন্দ্রনাথ মন্ডলের প্রতি সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত সাড়া রাজনৈতিক মহলেও বিশেষভাবে নজর কেড়েছে। জনসংযোগের ফাঁকেই বহু মানুষ তাঁদের ব্যক্তিগত সমস্যা ও এলাকার বিভিন্ন অভাব-অভিযোগের কথা প্রার্থীর কাছে সরাসরি তুলে ধরেন। তিনি ধৈর্য সহকারে প্রত্যেকের কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ অতীন্দ্রনাথ মন্ডল তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। তিনি বলেন যে, জয়ী হলে কল্যাণীকে ‘শিল্প ও স্বাস্থ্য’ মডেলে গড়ে তোলাই হবে তাঁর মূল লক্ষ্য। বিশেষ করে পঞ্চায়েত স্তরে আধুনিক স্বাস্থ্য শিবির স্থাপন এবং কল্যাণী শিল্পাঞ্চলকে পুনরুজ্জীবিত করার মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর প্রতিশ্রুতি দেন তিনি।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, প্রার্থীর চিকিৎসক পরিচয় এবং স্বচ্ছ ভাবমূর্তির ওপর ভিত্তি করে গড়ে ওঠা এই জনসংযোগ কল্যাণী কেন্দ্রের নির্বাচনী সমীকরণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এখন দেখার, নির্বাচনের ময়দানে এই বিপুল জনসমর্থন ভোটের বাক্সে কতটা ফলপ্রসূ হয়।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত