
গুয়াহাটি, ১১ এপ্রিল (হি.স.) : গুয়াহাটির প্রাণকেন্দ্র ভাঙাগড়ে অবস্থিত রুদ্রাক্ষ মল-এ রহস্যজনক পরিস্থিতিতে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবককে গুয়াহাটির পার্শ্ববর্তী সোনাপুর এলাকার বাসিন্দা সিদ্ধার্থ দাস বলে শনাক্ত করা হয়েছে। এক মাস আগে তাঁর বিয়ে হয়েছিল বলে জানা গেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে প্রকাশ, গতকাল শুক্ৰবার রুদ্রাক্ষ মল-এর সপ্তম তলা থেকে চতুর্থ তলায় পড়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছিল সিদ্ধার্থকে। তাঁকে উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল-এ নিয়ে ভর্তি করা হয়েছিল। আজ শনিবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে।
সিদ্ধার্থের মৃত্যুকে সহজভাবে নিচ্ছে না পুলিশ। কোনও দুষ্কৃতী তাঁকে মেরে ফেলার চেষ্টা করে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে এখনও কোনও নিশ্চিত নয় পুলিশ। পুলিশের তদন্তকারী অফিসার জানান, এই মৃত্যুর প্রকৃত কারণ জানতে সমস্ত সম্ভাব্য দিক যেমন দুর্ঘটনাবশত নীচে পড়ে যাওয়া, আত্মহত্যা কিংবা হত্যাকাণ্ড ইত্যাদি খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর তদন্তের গতি বাড়বে, জানান তিনি।
নববিবাহিত সিদ্ধার্থের অকালমৃত্যুতে সোনাপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় গভীর বিস্ময় প্রকাশ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস