মণিপুরের ত্ৰংলাওবিতে বোমা হামলার তদন্ত চলছে, অব্যাহত তালাশি অভিযান : গৃহমন্ত্রী
ইমফল, ১১ এপ্রিল (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত ত্রংলাওবিতে সংঘটিত প্রাণঘাতী বোমা হামলার তদন্ত তীব্রগতিতে চলছে, অব্যাহত তালাশি অভিযানও, জানিয়েছেন রাজ্যের গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম। আজ শনিবার মহারাজা নর সিং-এর ১৭৬-তম মৃত্যুবার্ষিকী
মণিপুরের গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম


ইমফল, ১১ এপ্রিল (হি.স.) : মণিপুরের বিষ্ণুপুর জেলার অন্তর্গত ত্রংলাওবিতে সংঘটিত প্রাণঘাতী বোমা হামলার তদন্ত তীব্রগতিতে চলছে, অব্যাহত তালাশি অভিযানও, জানিয়েছেন রাজ্যের গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম।

আজ শনিবার মহারাজা নর সিং-এর ১৭৬-তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কাংলা ফোর্টে আয়োজিত অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে গৃহমন্ত্রী গোবিন্দদাস কনথউজাম জানান, তদন্তকারী সংস্থাগুলি সক্রিয়ভাবে সূত্র খুঁজছে, তবে তদন্ত চলমান থাকায় তিনি বিস্তারিত তথ্য প্রকাশ করতে চাইছে না।

মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে মন্ত্রী গোবিন্দদাস বলেন, বিস্ফোরণের পর থেকে নিরাপত্তা বাহিনী এলাকায় অভিযান জোরদার করেছে। দোযীদের খুঁজে বের করার প্রচেষ্টা চলছে তীব্রগতিতে।

সীমান্তবর্তী এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনীর পরিবর্তে রাজ্য পুলিশ মোতায়েনের দাবি প্রসঙ্গে তিনি জানান, সরকার ধাপে ধাপে এই পরিবর্তনের বিষয়টি বিবেচনা করছে। গোবিন্দদাস বলেন, ‘আমরা কেন্দ্রীয় বাহিনীকে উঁচু পাহাড়ি এলাকায় পুনর্বিন্যাস করার চেষ্টা করছি। তাদের জায়গায় রাজ্য বাহিনী মোতায়েন করতে চাই। তবে জনবল সংকটের দরুন অতি শীঘ্রই তা করা কঠিন।’

উল্লেখ্য, গত ৭ এপ্রিল ভোররাতে ত্ৰংলাওবির একটি বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটে। এতে ঘুমন্ত অবস্থায় দুই শিশুর মৃত্যুর পাশাপাশি তাদের মা আহত হয়েছিলেন। ঘটনাস্থলের কাছে একটি সিআরপিএফ ক্যাম্প থাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

ওই হামলার পর এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কেন্দ্রীয় বাহিনীকে এলাকা ছাড়ার দাবি তুলেন। অনেকেই স্থানীয় নিরাপত্তা ও জবাবদিহিতার স্বার্থে রাজ্য বাহিনীর সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন।

বর্তমানে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ রয়েছে, নিরাপত্তা সংস্থাগুলি অভিযান চালিয়ে যাচ্ছে এবং তদন্ত প্রক্রিয়াও এগিয়ে চলেছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande