
মুর্শিদাবাদ, ১১ এপ্রিল (হি. স.) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভায় যোগ দিতে যাওয়ার পথে মুর্শিদাবাদে দুর্ঘটনার কবলে পড়ল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়। শনিবার বহরমপুর থানা এলাকার বলরামপুরে কনভয়ের একটি গাড়ির সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, সংঘর্ষটি এতটাই তীব্র ছিল যে ট্রাক্টরের সামনের অংশ পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয় এবং মন্ত্রীর নিরাপত্তারক্ষীদের বহনকারী গাড়িটিও যথেষ্ট আঘাতপ্রাপ্ত হয়। তবে অত্যন্ত স্বস্তির বিষয় এই যে, কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এই দুর্ঘটনায় সম্পূর্ণ সুরক্ষিত রয়েছেন এবং তাঁর শরীরে কোনও চোট লাগেনি।
ঘটনার পরপরই পুলিশ দ্রুত সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনাটি কোনও যান্ত্রিক ত্রুটির কারণে হয়েছে নাকি এর পেছনে চালকের কোনও গাফিলতি ছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমিধ্যেই ট্রাক্টর চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয়। ভোটের আবহে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা ব্যবস্থায় এমন ত্রুটি নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে।
উল্লেখ্য, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পূর্ব বর্ধমানের কালনা, দক্ষিণ দিনাজপুরের কুশমণ্ডি এবং মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে তিনটি নির্বাচনী সভা করার কথা রয়েছে। শান্তনু ঠাকুর সেই কর্মসূচিতেই যোগ দিতে যাচ্ছিলেন। প্রসঙ্গত, এর আগে অধীর রঞ্জন চৌধুরীর কনভয়ের সঙ্গেও একই ধরনের দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ট্রাকের ধাক্কায় বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী আহত হন এবং নির্বাচন কমিশন সেই ঘটনার রিপোর্ট তলব করেছিল। আজকের এই ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পুনরায় প্রশ্ন উঠতে শুরু করেছে।
হিন্দুস্থান সমাচার / সোনালি