
বনগাঁ, ১১ এপ্রিল (হি. স.): আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে বনগাঁর ঘাটবাওড় শ্মশান থেকে সমাধিস্থ এক সদ্যজাতের দেহ উদ্ধার করা হল। শনিবার দুপুরে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। বনগাঁ থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঝাড়খণ্ডের বাসিন্দা লক্ষ্মী কুমারীর সঙ্গে প্রায় এক বছর আগে বনগাঁর ঘাটবাওড় এলাকার একটি ইটভাটায় কর্মরত লক্ষণ কুমারের বিয়ে হয়। গত ৩০ মার্চ লক্ষ্মী একটি পুত্র সন্তানের জন্ম দেন। তবে প্রসবের সময় চিকিৎসকরা জানতে পারেন, তিনি নাবালিকা। বিষয়টি পুলিশকে জানানো হলে লক্ষণ কুমারকে গ্রেফতার করা হয়।পরিবার সূত্রে জানা যায়, সদ্যজাতের নাম রাখা হয়েছিল সুরাজ কুমার। জন্মের দুদিনের মধ্যেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি এবং হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। পরে পরিবার ঘাটবাওড় শ্মশানে দেহটি সমাধিস্থ করে। এ ঘটনা আদালতের নজরে আসতেই দেহ উত্তোলন করে ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশ মেনে পুলিশ দেহ উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়