
আরামবাগ, ১১ এপ্রিল (হি.স.) : গোঘাট বিধানসভা কেন্দ্রকে ঘিরে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে সংগঠন মজবুত করতে ময়দানে নামল কংগ্রেস। দলীয় প্রার্থী হারাধন সাঁতরার সমর্থনে শনিবার কামারপুকুর এলাকায় জোরকদমে প্রচার চালাতে দেখা যায় কংগ্রেস কর্মী-সমর্থকদের।
এদিন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন কর্মীরা। এলাকার বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজ নিয়ে আগামী দিনে সমাধানের আশ্বাস দেন তাঁরা। কংগ্রেস নেতৃত্বের দাবি, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে মানুষ বিকল্প শক্তির খোঁজ করছেন এবং সেই বিকল্প হিসেবে কংগ্রেসকে সামনে আনা হচ্ছে।
দলীয় কর্মীদের মতে, “গোঘাটে পরিবর্তনের হাওয়া বইছে। মানুষ একপাক্ষিক রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাইছেন, তাই কংগ্রেসকে শক্তিশালী করতে তাঁদের সমর্থন জরুরি।”
প্রচার কর্মসূচিতে ভালো সাড়া মিলেছে বলেও দাবি দলের। স্থানীয় বাসিন্দাদের একাংশ ইতিবাচক সাড়া দিয়েছেন বলে জানা গেছে। আগামী দিনে আরও বৃহত্তর প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়েছে বলে দল সূত্রে খবর।
নির্বাচন যত এগোচ্ছে, ততই গোঘাটে রাজনৈতিক লড়াই তীব্র হচ্ছে। এই প্রচার ভোটবাক্সে কতটা প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA