
বাঁকুড়া, ১১ এপ্রিল (হি.স.) : কেন্দ্রীয় নেতৃত্বের আক্রমণের জবাবে বাঁকুড়ার বড়জোড়ায় নির্বাচনী জনসভা থেকে বিজেপিকে কড়া ভাষায় পাল্টা আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সাম্প্রতিক বঙ্গ সফরকে নিশানা করে একাধিক ইস্যুতে সরব হন তিনি।
শনিবার বড়জোড়ার কলেজ মাঠে দলীয় প্রার্থী গৌতম মিশ্রর সমর্থনে আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই বিশ্বখ্যাত পটশিল্পী যামিনী রায় -এর ১৪০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাঁকুড়ার বালুচরী, ডোকরা ও টেরাকোটার মতো ঐতিহ্যবাহী শিল্পের প্রসঙ্গ তুলে ধরে জেলার মেধা ও সংস্কৃতির প্রশংসা করেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের প্রতিভাবান যুবসমাজ যাতে সুযোগ পায়, সেই লক্ষ্যেই বাঁকুড়ায় সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে। পাশাপাশি স্থানীয় শিল্পকে বিশ্ববাজারে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিন ওন্দার সভা থেকে অমিত শাহের ‘হীরক রানী’ মন্তব্যের কড়া জবাব দেন মুখ্যমন্ত্রী। কটাক্ষ করে বলেন, “দিল্লি থেকে এলো গাই, সঙ্গে এলো মোটা ভাই, সঙ্গে নিয়ে এলো ইডি-সিবিআই…”। সপ্তম পে কমিশন নিয়ে বিজেপির প্রতিশ্রুতিকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করে তিনি জানান, রাজ্যের বাজেটেই তা কার্যকর করা হয়েছে।
কেন্দ্রের কর্মসংস্থান ও উন্নয়ন সংক্রান্ত দাবিকেও চ্যালেঞ্জ করেন তিনি। রেল ও অন্যান্য ক্ষেত্রে শূন্যপদের সংখ্যা প্রকাশ করার দাবি জানিয়ে বলেন, তৃণমূল সরকারের আমলে বেকারত্ব কমেছে, বিপরীতে কেন্দ্রের শাসনে তা বেড়েছে। কেন্দ্রীয় প্রকল্পগুলির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তুলে তিনি অভিযোগ করেন, অধিকাংশ অর্থ প্রচারে ব্যয় হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডারসহ একাধিক জনকল্যাণমূলক প্রকল্প সফলভাবে চালু রয়েছে এবং একটিও বন্ধ হয়নি। বিজেপির প্রতিশ্রুতিগুলিকে ‘নকল’ বলে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, কালো টাকা ফেরত ও চাকরি দেওয়ার প্রতিশ্রুতি কেন বাস্তবায়িত হয়নি।
যদিও সভায় বড়জোড়া শিল্পাঞ্চলের কর্মসংস্থান, যানজট বা শিল্প সংক্রান্ত স্থানীয় সমস্যার নির্দিষ্ট সমাধান নিয়ে তেমন ঘোষণা না হওয়ায় একাংশের মধ্যে হতাশা দেখা যায়। উপস্থিত অনেকেই মন্তব্য করেন, শুধু রাজনৈতিক আক্রমণ নয়, বাস্তব সমস্যার সমাধানই এখন মানুষের প্রধান প্রত্যাশা।
হিন্দুস্থান সমাচার / সোমনাথ বরাট