(আপডেট ) পশ্চিমবঙ্গে ভোট সম্মানের লড়াই: রানিগঞ্জ-গলসীতে তৃণমূলকে আক্রমণ রেখা গুপ্তার
রানিগঞ্জ/দুর্গাপুর, ১১ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে শনিবার রানিগঞ্জ ও গলসীতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।
(আপডেট ) পশ্চিমবঙ্গে ভোট সম্মানের লড়াই: রানিগঞ্জ-গলসীতে তৃণমূলকে আক্রমণ রেখা গুপ্তার


রানিগঞ্জ/দুর্গাপুর, ১১ এপ্রিল (হি.স.) : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহে শনিবার রানিগঞ্জ ও গলসীতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেত্রী তথা দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। তিনি বলেন, “পশ্চিমবঙ্গে এবারের ভোট সম্মানের জন্য লড়াই।”

রানিগঞ্জের জনসভা থেকে তিনি অভিযোগ করেন, রাজ্যে যুবসমাজের ভবিষ্যৎ সংকটে এবং বিভিন্ন এলাকায় মাফিয়াদের দৌরাত্ম্য বেড়েছে। তাঁর দাবি, “রানিগঞ্জের কয়লা খনিগুলিতে মাফিয়াদের রাজ চলছে। তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে একাধিক থানায় এফআইআর দায়ের রয়েছে।” এই নির্বাচনে সাধারণ মানুষের সম্মান ও অধিকার রক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

একই দিনে দুর্গাপুরের পানাগড় বাজারে গলসী বিধানসভা কেন্দ্রের দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন রেখা গুপ্তা। সেখানেও তিনি তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, অনুন্নয়ন এবং আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তোলেন। তাঁর দাবি, গত ১৫ বছরে পশ্চিমবঙ্গ উন্নয়নের দৌড়ে পিছিয়ে পড়েছে। কেন্দ্রীয় সরকার বিপুল অর্থ পাঠালেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

প্রচারে তিনি একাধিক প্রতিশ্রুতিও দেন। বিজেপি ক্ষমতায় এলে সপ্তম পে কমিশন কার্যকর করা হবে, রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি পাবে এবং ‘গুন্ডারাজ’ বন্ধ করা হবে বলে জানান। পাশাপাশি মহিলাদের জন্য বাসে বিনামূল্যে যাতায়াতের আশ্বাসও দেন তিনি।

গলসীর বিজেপি প্রার্থীকে ‘বুলডোজার বাবা’ বলে উল্লেখ করে রেখা গুপ্তা বলেন, “বুলডোজার মানে সাহস ও অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার শক্তি।” এই মন্তব্যকে ঘিরে সভাস্থলে উপস্থিত কর্মী-সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়।

সব মিলিয়ে, রানিগঞ্জ থেকে গলসী—বিভিন্ন জনসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়ে বিজেপির পক্ষে জনসমর্থন আদায়ের চেষ্টা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের আগে এই ধরনের প্রচার রাজ্যের লড়াইকে আরও তীব্র করে তুলছে।

হিন্দুস্থান সমাচার / জয়দেব লাহা




 

 rajesh pande