
কোচবিহার, ১১ এপ্রিল (হি. স.) : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভোটারদের মধ্যে নিরাপত্তা ও আস্থা ফিরিয়ে আনতে উদ্যোগী হল কুচলিবাড়ি থানার পুলিশ। শুক্রবার মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি অঞ্চলের ১০৯ ব্রহ্মোত্তর-কুচলিবাড়ি সহ একাধিক স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে রুট মার্চ করা হয়।কুচলিবাড়ি থানার ওসি বিশ্বজিৎ মল্লিকের নেতৃত্বে এদিন পুলিশ ও আধাসামরিক বাহিনীর জওয়ানরা যৌথভাবে এলাকাজুড়ে টহল দেন। শুধুমাত্র রুট মার্চেই সীমাবদ্ধ না থেকে, ওসি নিজে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানান। সীমান্তবর্তী এলাকায় দীর্ঘদিনের আতঙ্ক দূর করে সাধারণ মানুষের মনে নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, ভোটের আগে এই ধরনের আরও টহল ও সচেতনতামূলক কর্মসূচি চলবে। পাশাপাশি সাধারণ মানুষের সুবিধার্থে কুচলিবাড়ি থানার তরফে দুটি জরুরি হেল্পডেস্ক নম্বর চালু করা হয়েছে—৮৩২৭৮৩৩০০৪ এবং ০৩৫৮২-২২৭৭৮১। যে কোনও প্রয়োজনে এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য বাসিন্দাদের অনুরোধ জানানো হয়েছে।
হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়