
পশ্চিম সিংভূম, ১১ এপ্রিল (হি.স.) : ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঝিনকাপনি ব্লকের কালেন্দে গ্রামের কুমহার টোলায় গত প্রায় চার মাস ধরে নলকূপ বিকল থাকায় তীব্র পানীয় জলের সংকট দেখা দিয়েছে। সমস্যার সমাধানের দাবিতে শুক্রবার বিক্ষোভে সামিল হন গ্রামবাসীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ‘হর ঘর জল’ প্রকল্পের অধীনে স্থাপিত নলকূপটি দীর্ঘদিন ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে। ফলে গ্রামবাসীদের দূর-দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মহিলা, শিশু ও প্রবীণরা।
এদিন ‘বস্তি চলো’ অভিযানের অংশ হিসেবে এলাকায় পৌঁছে বিজেপি জেলা সভাপতি গীতা বালমুচু গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সমস্যার কথা শোনেন। তিনি সংশ্লিষ্ট দফতরকে দ্রুত নলকূপ মেরামতির নির্দেশ দেন বলে জানা গিয়েছে।
ঘটনাস্থলে মণ্ডল সভাপতি দিলীপ মাহতো সহ স্থানীয় নেতৃত্ব উপস্থিত ছিলেন। গ্রামবাসীরা প্রশাসনের কাছে দ্রুত নলকূপ মেরামতির দাবি জানিয়েছেন, যাতে পানীয় জলের সংকট থেকে মুক্তি পাওয়া যায়। এদিনের বিক্ষোভে বহু গ্রামবাসী অংশ নেন।
---------------
হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য