
আগরতলা, ১১ এপ্রিল (হি.স.): রক্তদানকে স্বেচ্ছাসেবী কার্যক্রমের পাশাপাশি নাগরিক দায়িত্ব হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শনিবার দমদমিয়ার আদরনী চা বাগান এলাকায় সিআরপিএফ গ্রুপ সেন্টারে আয়োজিত মেগা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, অন্যান্য সম্পদের মতো রক্ত তৈরি করা সম্ভব নয়। মানুষের জীবন রক্ষার জন্য রক্তের একমাত্র উৎস হল মানুষের স্বেচ্ছায় দান।
রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং, আগরতলা এবং সিআরপিএফ-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবিরে রাজ্যপাল বলেন, রক্তদান শুধুমাত্র চিকিৎসা সহায়তা নয়, এটি মানবিকতা, সহানুভূতি ও সামাজিক সংহতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি স্বেচ্ছা রক্তদানের ক্ষেত্রে একটি আধুনিক ও সুসংগঠিত ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।
এই প্রসঙ্গে তিনি রক্তদাতাদের একটি কেন্দ্রীয় ডিজিটাল ডাটাবেস তৈরির উপর বিশেষ গুরুত্ব দেন। রক্তদাতাদের রক্তের গ্রুপ, দানের ইতিহাসসহ প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করলে জরুরি মুহূর্তে দ্রুত রক্ত সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন। পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলির মধ্যে সমন্বয় বৃদ্ধির প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সিআরপিএফ ত্রিপুরা সেক্টরের আইজি সঞ্জয় যাদব, রোটারী ক্লাবের সভাপতি ডাঃ দামোদর চ্যাটার্জি এবং সম্পাদক ঝুমুর বণিক সেনগুপ্ত রক্তদানের গুরুত্ব ও সচেতনতা বৃদ্ধির ওপর আলোকপাত করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিআরপিএফ গ্রুপ সেন্টারের কমান্ডেন্ট প্রভাস কুমার সানোয়ার।
এদিন রাজ্যপাল রোটারী ক্লাব অব অ্যাসপায়ারিং আগরতলার উদ্যোগে প্রকাশিত ‘উজ্জয়ন্ত’ নামে একটি ম্যাগাজিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি তিনি রক্তদানকারী সিআরপিএফ জওয়ানদের সঙ্গে মতবিনিময় করে তাঁদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ