
বিশালগড় (ত্রিপুরা), ১১ এপ্রিল (হি.স.) : ত্রিপুরার সিপাহীজলা জেলার মধুপুর থানাধীন কমলাসাগর এলাকার দক্ষিণ মধুপুরের ধনছড়িতে যৌথ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), মধুপুর থানার পুলিশ এবং বিএসএফ। ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এনসিবি, স্থানীয় পুলিশ এবং বিএসএফ যৌথভাবে ধনছড়ি এলাকার বাসিন্দা চিন্তা হরণ নমঃ-র বাড়িতে হানা দেয়। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে বাড়ি থেকে নগদ ৩৩ লক্ষ ৬২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পাশাপাশি উদ্ধার হয় প্রায় ৫১ কেজি ১২৫ গ্রাম গাঁজা, যার কালোবাজারি মূল্য কয়েক লক্ষ টাকা বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
অভিযানের সময় বাড়ির মালিক চিন্তা হরণ নমঃ-কে আটক করা হয়। এছাড়াও, তদন্তের স্বার্থে তাঁর পুত্রবধূকেও জিজ্ঞাসাবাদের জন্য মধুপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন থানার ওসি।
পুলিশের প্রাথমিক ধারণা, ওই বাড়ি থেকে দীর্ঘদিন ধরে অবৈধ মাদক পাচার চক্র পরিচালিত হচ্ছিল। উদ্ধার হওয়া বিপুল নগদ অর্থের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের খোঁজে তদন্ত শুরু হয়েছে। ঘটনার সঙ্গে বৃহত্তর আন্তঃরাজ্য মাদক চক্রের যোগসূত্র রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান আগামী দিনেও জোরদার করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
হিন্দুস্থান সমাচার / গোবিন্দ দেবনাথ